গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সন্ত্রাস বা হুমকি-ধমকি দিয়ে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। জনগণের ভোট ছাড়াই কেন্দ্র দখল করে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা এমপি হওয়ার সুযোগ আর থাকবে না।
বুধবার বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, সামনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অপেক্ষা করছে। এই নির্বাচনেই নির্ধারিত হবে দেশ কোন পথে এগোবে। গত পাঁচ দশকের রাজনীতিতে লুটপাট আর ভয়ভীতি তৈরির সংস্কৃতি দেখা গেছে। জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অনিয়মই বেশি হয়েছে। মসজিদের জন্য তিন লাখ টাকা বরাদ্দ এলে অর্ধেক দেওয়া হয়। দুই কোটি টাকার রাস্তার কাজেও পুরো অর্থ ব্যয় হয় না।
গণঅধিকার পরিষদের বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব ইমরান হাওলাদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আহ্বায়ক মফিজুর রহমান মাহফুজ। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নুরুল হক নুর পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ আসনে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, জোট হলে বিএনপি এ আসন নুরের জন্য ছেড়ে দিতে পারে। এ আসনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে বিএনপি নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান মামুনকে।





